কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক ৪

উত্তরদক্ষিণ | রবিবার, ০৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২৭

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার মাদরাসা ছাত্রকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

রবিবার (০৬ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সম-সাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ঘটনায় চারজন মাদরাসা ছাত্রকে আটক করা হয়েছে। এরা হলেন আবু বকর, নাহিদ, আলামীন ও ইউসুফ। এরা সবাই কুষ্টিয়ার ইবনে মাসুদ মাদরাসার ছাত্র। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছেন আবু বকর ও নাহিদ।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন স্থানে ভাস্কর্য রয়েছে। সব ভাস্কর্যের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।

এর আগে কুষ্টিয়া জেলা পুলিশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ১৬ মিনিটের দিকে শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে, সেই রাস্তা ধরে পায়ে হেঁটে এসে দুই ব্যক্তি বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে উঠে হাতে থাকা লাঠি বা লোহার কোনো জিনিস দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। গভীর রাত হওয়ায় এরপর নির্বিঘ্নেই তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে দেশব্যাপী ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মধ্যেই কুষ্টিয়ায় এ ঘটনা ঘটে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading