আগামী সপ্তাহে কানাডায় টিকাদান শুরু হবে
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৬
নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে কানাডায় আগামী সপ্তাহ থেকেই করোনাভাইরাসের টিকাদান শুরু করতে যাচ্ছে। সোমবার (৭ ডিসেম্বর) পার্লামেন্টে এই ঘোষনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংবাদমাধ্যম সিটিভি নিউজ এতথ্য জানিয়েছে।
ডিসেম্বরের মধ্যেই দেশটি ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের দুই লাখ ৪৯ হাজার ডোজ পাবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই এই ভ্যাকসিনের প্রথম চালান দেশটিতে পৌঁছে যাবে। আর তারপরই অগ্রাধিকার ভিত্তিতে মানুষ টিকাদান শুরু করতে পারবে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে ব্রিটেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকেই দেশটিতে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। ইতোমধ্যেই ভ্যাকসিনটির আট লাখ ডোজ দেশটিতে পৌঁছেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া টিকাদান হবে ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমাদের মনে রাখতে হবে যে শুরুতে আমাদের কাছে খুব অল্প পরিমাণ ভ্যাকসিন থাকবে, কারণ আমরা সবাই যেমন এর জন্য উন্মুখ হয়ে আছি তেমনি উৎপাদকদেরও ভ্যাকসিনটি উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে।’
আগামী বছর থেকে ব্যাপক আকারে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘তবে আমরা এই ২ লাখ ৪৯ হাজার ডোজ এই ডিসেম্বরেই পাবো। আর সবচেয়ে স্পর্শকাতর জনগোষ্ঠীর ওপর প্রয়োগ শুরু করতে পারবো।’

