বই আলাপ | “আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ” | আফরোজা সরকার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:২২
আকাশ তো আমরা সবাই দেখতে পাই। শুধু মাথার উপরই থাকে না আকাশ, কারও কারও অন্তরেও থাকে। আবার কেউ কেউ নিজের মধ্যেই ধারণ করেন আকাশের বিশালতা। আকাশের অসীম সৌন্দর্যের মতো হতে পারে কারও হৃদয়ও। বলতে চাই তেমন একজন মানুষের কথা, যার কথা মনে পড়তেই চোখে ভেসে উঠে আকাশ। তবে কি তার আকাশ হওয়ার কথা ছিল!
“সালমান হাবীব” যার আরেক নাম দেওয়া যায় “আকাশ”। আমরা অনেকেই আকাশপ্রেমী হই, এমনকি আকাশ পছন্দ করে না এমন কেউ হয়তো নেই। কিন্তু এই মানুষটা কে আকাশপ্রেমী বলা যায়না, তিনি নিজেই ‘আকাশ’; যার প্রেমী হবে অন্যরা।
ভাবছেন, তার কথা কেন বলছি!
সালমান হাবীব একজন কাব্যগ্রন্থ লেখক। বর্তমান সময়ের পাঠকপ্রিয় তরুণ কবি। অনেকদিন ধরেই তার লেখার ভক্ত আমি। অসম্ভব ভালো লাগার প্রকাশ তার লেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক জনপ্রিয়তা, অনেককেই তার প্রতি ভালোলাগা ও ভালোবাসা বিভিন্ন ভাবে প্রকাশ করতে দেখেছি কিন্তু আমি কখনোই কিছু বলিনি, আসলে বলতে চাইনি। কখনও কখনও ভালোবাসা গোপন রাখতেই ভালো লাগে। দূর থেকে ভালোবাসার মাঝে সুখ আছে, থাকে অন্যরকম অনুভূতি, যা প্রকাশের ভাষা থাকে না। তবে আজ খুব ইচ্ছে হলো তাকে নিয়ে কিছু লিখতে।
খুব রিসেন্টলি তার লেখা ৪র্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার নাম- “আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ।”
নাম দেখেই কেমন একটা লাগছে, তাই না? কী চমৎকার নামকরণ! এই নামকরণের বিষয় তিনি বলেন- “আমি শব্দ নিয়ে খেলতে পছন্দ করি। শব্দকে ভেঙে ঘুরিয়ে ফিরিয়ে দেখি তার ভিতর আরও কিছু আছে কিনা। অর্থাৎ একই শব্দের এপিঠ ওপিঠ। একদিন ‘দুঃখ’ লিখতে গিয়ে ভুল করে ‘দুখ’ লিখে ফেলেছিলাম। তারপর আমি শব্দটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি। ভুল করে লিখে ফেলা সেই ‘দুখ’ শব্দটির পাশে একটি শুদ্ধ ‘দুঃখ’ লিখি এবং অবাক হয়ে তাকিয়ে দেখি ‘দুঃখ’ শব্দের মাঝখানে থাকা বিসর্গ টা ছাড়া দুঃখটাও ঠিকঠাক দুঃখ প্রকাশে ব্যর্থ!
তেমনি আমি প্রিয়জনের দেওয়া দুঃখ এবং তুলনামূলক দূরের মানুষের দেওয়া দুঃখ – এই দুটোকে পাশাপাশি রাখলাম এবং দেখলাম; দূরের মানুষের দেওয়া দুঃখটা মাঝখানে বিসর্গ হীন ‘দুখ’ এর মতো লাগছে। আর প্রিয়জনের দেওয়া দুঃখটা মনে হচ্ছে ‘দুঃখ’ ‘দুঃখ’। বুঝলাম; প্রিয়জন হলো- দুঃখ শব্দের বিসর্গ, প্রকৃত দুঃখের নির্যাস।” নামকরণের গল্পটার প্রকাশও করেছেন খুব সুনিপুণভাবে।
মোট ৬৫টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি এবং প্রতিটি অসাধারণ। আমার কথা বিশ্বাস করতে হবে না বরং আপনারাই বইটি সংগ্রহ করে পড়ে দেখুন। বইটি খুব সহজেই পেতে পারেন অনলাইন প্রকাশক- “বুকমার্ক” এ এবং এছাড়াও পাবেন “বাতিঘর”-এ।
“আপনার কাছে ‘দুখ’ জমা রাখলাম।
সেই ‘দুখে’ বিসর্গ নেই বলে-
আপনি আরও খানিক বিশুদ্ধ দুঃখ দিয়ে
আমার দুঃখদের পরিপূর্ণতা দিলেন!
আপনার দেওয়া দুঃখ ছাড়া
আমার দুঃখগুলোও পরিপূর্ণতা পায় না।
আপনি ছাড়া দুঃখরা ‘দুখ’ হয়ে থাকে।
আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ।”
সালমান হাবীব – কবিতায় গল্প বলা মানুষ। এই শহরের মানুষগুলোর আকাশ দেখার অসুখ থাকুক! কবিতার সাথে সখ্যতা বাড়ুক।

