প্রেমিকের উপস্থিতিতে আত্মহত্যা চিত্রার
উত্তরদক্ষিণ | বুধবার, ০৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০
তামিল টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রা। চেন্নাইয়ের নসরপেট এলাকার এক হোটেলের ঘরে তার ঝুলন্ত দেহ পাওয়া গেছে।
কিছুদিন আগেই ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল। দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয়। হাতেও ছিল প্রচুর কাজ। তার পরেও হেমন্তের উপস্থিতিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে আত্মহত্মা করেন ২৮ বছর বয়সী বিখ্যাত অভিনেত্রী ভিজে চিত্রা।
চিত্রার আত্মহত্যাকে ঘিরে একরাশ ধোঁয়াশা। কারণ, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে চিত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেন। এই ইনস্টা স্টোরিতে তাকে অত্যন্ত হাসিখুশি দেখাচ্ছে। চিত্রার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সেটের ছবি ধরা দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এই তামিল নায়িকা কারও সঙ্গে ফোনে কথা বলছেন। এখন প্রশ্ন, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমন কী ঘটল যে চিত্রা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন। আবার অনেকের মতে, বেশ কিছু দিন ধরে এই অভিনেত্রী মানসিক অবসাদে ভুগছিলেন।
হেমন্তের জবানবন্দি অনুযায়ী, শুটিং সেরে হোটেলে ফিরে চিত্রা স্নান করার জন্য স্নানঘরে ঢুকেছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে হেমন্ত স্নানঘরের দরজায় কড়া নাড়েন। তারপরও সাড়া না পেয়ে তিনি হোটেলের কর্মচারীদের বিষয়টা জানান। তখন চাবির সাহায্যে হোটেলের স্নানঘরের দরজা খোলা হয়। তখনই সিলিং থেকে চিত্রার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পুলিশ এই আত্মহত্যার তদন্ত করছে।
চিত্রার এই অকালমৃত্যুতে স্তব্ধ দক্ষিণী টেলিভিশন দুনিয়া। তাঁর অনুরাগীরা কার্যত ভেঙে পড়েছে। কিছুতেই কেউ মেনে নিতে পারছে না চিত্রার এই মর্মান্তিক পরিণতি। চিত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা শোক জ্ঞাপন করছে।

