চতুর্থ শিল্প বিপ্লবের পথে আগামীর নেতা হতে চলেছে বাংলাদেশ: জয়

চতুর্থ শিল্প বিপ্লবের পথে আগামীর নেতা হতে চলেছে বাংলাদেশ: জয়

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫০

‘আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে, এটা আমার বিশ্বাস। আশা করি বাংলাদেশ হবে এ শিল্প বিপ্লবের মূল নেতা।’ ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ওয়েবিনারে সভাপতিত্ব করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের সক্ষমতা আছে। আমরা প্রমাণ করেছি, আমরা তা করতে পারি। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, জৈবপ্রযুক্তির উদ্ভাবন, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো নিয়ে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল বিপ্লব অতি দ্রুত বিশ্বকে বদলে দেবে বলে মনে করা হচ্ছে। শুধু অন্যের প্রযুক্তি গ্রহণ করা নয়, আমরা এখন প্রযুক্তির পরবর্তী প্রজন্মের নেতা হতে চাই। পরবর্তী প্রজন্মের প্রযুক্তির উত্কর্ষ সাধন করতে চাই। আমি বিশ্বাস করি, এটা কোনো স্বপ্ন না, এটা সম্ভব। পরবর্তী প্রজন্মের জন্য কোন প্রযুক্তি আসছে, সেটা তো না জানলে চলছে না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তার কিছু একটা বাংলাদেশ থেকেই আসবে।

মহামারীকালে যে নিউ-নরমাল পরিস্থিতি চলছে, তাতে প্রযুক্তি মূল ভূমিকা রাখছে উল্লেখ করে জয় বলেন, বিশ্বের প্রায় সব দেশই অর্থনৈতিক নানা কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ২০২০ সাল আমাদের একেবারে অপ্রস্তুত করে দিয়েছে। এখানেই কিন্তু ডিজিটাইজেশন মূল্যটা দেখিয়েছে। অর্থনীতির সবকিছুই তো চলছে ভার্চুয়ালি। আমরা এখন পরবর্তী অধ্যায়ের দিকে তাকিয়ে আছি দেখব ভবিষ্যতে কোন প্রযুক্তি আসছে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়ো টেকনোলজি, রোবোটিকস, মাইক্রোপ্রসেসর ডিজাইন, সফটওয়্যার ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে নজর রাখছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading