ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা হামাসের
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫১
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা ইহুদি সেনাদের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে স্বাধীন করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
হামাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতা মাহের সালাহ ঘোষণাটি দেন। তিনি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড পরিপূর্ণভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
বিবৃতিতে তিনি ফিলিস্তিনি জনগণের আত্মপরিচয়, মর্যাদা এবং নিজস্ব ভূখণ্ডের কথা উল্লেখ করেন। তার মতে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো রকমের দখলদারিত্ব গ্রহণযোগ্য হতে পারে না।
মাহের সালাহ আরও বলেন, ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন করার জন্য এ পর্যন্ত বহু মানুষ আত্মত্যাগ করেছেন এবং ইহুদিবাদী ইসরায়েল সরকারকে বারংবার এ বার্তা দেওয়া হয়েছে যে, তারা তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে কখনো আপোষ করবে না।
হামাস নেতার ভাষায়, ৩৩ বছর আগে আল্লাহর রহমতে আমাদের জনগণ প্রথম ইন্তিফাদায় অংশ নিয়েছিলেন এবং হামাসের জন্ম হয়েছিল। বর্তমান সময়ে ফিলিস্তিনের জনগণ আবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে শামিল হয়েছে। এটা ভীষণ আনন্দের বিষয় যে, একবিংশ শতাব্দীর প্রথম দিকেই তারা ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠেছে। সূত্র : পার্সটুডে

