১৪ ডিসেম্বর থেকে টিকা পাচ্ছেন আমেরিকানরা

১৪ ডিসেম্বর থেকে টিকা পাচ্ছেন আমেরিকানরা

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৬

সোমবার (১৪ ডিসেম্বর) থেকে ফাইজার/বায়োএনটেকের টিকা পেতে যাচ্ছেন আমেরিকানরা। টিকা সরবরাহের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা শনিবার (১৩ ডিসেম্বর) এ খবর জানান।

বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৬ লাখে এবং আমেরিকানরাই সবচেয়ে ঝুঁকিতে থাকার প্রেক্ষাপটে ব্যাপকভাবে এ টিকা দেয়ার কাজ শুরু হতে যাচ্ছে।

জেনারেল গুস পারনা সাংবাদিকদের বলেন, সোমবার সকালের মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে টিকার প্রথম ডোজ পৌঁছে যাবে। এরপরই টিকা দেয়ার কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, সকল অঙ্গরাজ্যের ১৪৫টি এলাকায় সোমবার (১৪ ডিসেম্বর) এবং মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ৪২৫টি এলাকায় টিকা পৌঁছে যাবে। বুধবার আরো ৬৬টি এলাকায় টিকা সরবরাহের কাজ শেষ হবে।

প্রথম দফায় ৩০ লাখ লোককে টিকা দেয়া হবে। আমেরিকা চলতি মাসেই ২ কোটি লোককে টিকা দেবে বলে আশা করছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধাদের আগে টিকা দেয়ার সুপারিশ করেছে। তবে এটি নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর।

এর আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসন(এফডিএ) শুক্রবার ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

টিকাটির অনুমোদন দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ষষ্ঠ দেশ। যুক্তরাষ্ট্রের আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব ও মেক্সিকো ফাইজারের টিকার অনুমোদন দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading