সেরা পাবলিক প্রতিষ্ঠানের পুরস্কার পেল বাণিজ্য মন্ত্রণালয়
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৫
ই-কমার্সে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এবার সপ্তম ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-এ সেরা পাবলিক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস হলরুমে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এই সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। শনিবার (১২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব এবং বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবির।

