হেফাজতের মহাসচিব নূর হোসাইন কাসেমী আর নেই
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩০
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমী (ইন্নালিল্লাহি…রাজিউন)।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজত মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির গণসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।
যদিও হেফাজতের মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ দাবি করে আসছিলেন যে, তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে আগে থেকে সমস্যা ছিল।
এর আগে মুনির আহমেদ জানান, শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই হুজুরের অবস্থা স্থিতিশীল ছিল। তার উন্নতির ধারাটা অব্যাহত আছে। কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমছে। শুক্রবার দুপুরে মেডিক্যাল বোর্ড নতুন দুইটি এন্টিবায়োটিক দিয়েছে। তার কার্যকারিতা কতটা হচ্ছে, সেটা আজ হয়তো বোঝা যাবে। হুজুরের লাঞ্চের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ ছিল।
এর আগে গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেন। নতুন কমিটিতে তিনি মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক।

