মোদীকে নতুন সংসদভবন নিয়ে আক্রমণ অভিনেতার
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৫২
গত ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভূমিপূজা করেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিভুজাকৃতি সংসদভবনটি তৈরি হবে ৬৪,৫০০ বর্গমিটার জায়গার উপরে। খরচ হবে ৯৭১ কোটি টাকা।
অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান এবিষয়ে বলেন, “দেশের অর্থনীতি যখন টালমাটাল, দেশের অর্ধেক মানুষ যখন অভুক্ত, বহু মানুষ যেখানে করোনার জেরে কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন বানাচ্ছেন প্রধানমন্ত্রী।”
নতুন সংসদ ভবনের কথা বলতে গিয়ে চীনের প্রাচীরের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।
তিনি বলেন, “যে চীনের প্রাচীর তৈরি করতে গিয়ে হাজার হাজার মানুষের প্রাণ গেল, সেই প্রাচীরকেই শাসকরা তখন বলল, দেশের মানুষের সুরক্ষার জন্যই এই প্রাচীর।” এর পরই মোদীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলবেন, কাদের সুরক্ষার জন্য এই নতুন সংসদ?”
আগামী বছরেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই ভোট ময়দানে নামার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম) সুপ্রিমো কমল হাসান। এ বার নিজেও ভোটে লড়তে পারেন বলে শোনা যাচ্ছে।

