জিমেইল-ইউটিউবসহ বিভ্রাটের কবলে গুগল সেবা
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২৫
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভ্রাটের কবলে পড়েছে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়) নাগাদ হঠাৎই ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।
ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো। ইউটিউববিভ্রাটের কারণে ভোগান্তির বিষয়গুলো সামাজিক মাধ্যমে তুলে এনেছেন অনেক গ্রাহক। ঠিক কী কারণে এই গোলযোগ হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল। ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভে ভিজিট করার সময় শুধু ‘এরর’ মেসেজ দেখাচ্ছিলো প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের অন্যান্য সেবা ব্যবহার করা না গেলেও সার্চ ইঞ্জিন ঠিকঠাক মতোই কাজ করছিল।
প্রসঙ্গত, এর আগে গত ২০ অগাস্ট বেশ লম্বা সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল। করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। ফলে জিমেইলের বিভ্রাট তাদের ভোগাচ্ছে সবচেয়ে বেশি।

