ফের শাহজালাল বিমানবন্দরে ২৫০ কেজির বোমা উদ্ধার
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৩৮
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজ করার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি পুরনো বোমা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা। পরে বাংলাদেশ বিমান বাহিনী সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
জানা যায়, ১০ ফুট মাটির নিচ থেকে উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের বোমাটি একটি জেনারেল পারপাস (জিপি) বোমার মতো। খবর পেয়ে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। এরপর সেটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যায়।
বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০২০ একই স্থানে একই ধরনের প্রথম বোমাটি পাওয়া যায়। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়।

