‘ভাস্কর্য নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না’
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২৫
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না। ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ভোলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধনে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। বঙ্গবন্ধু যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন। যারা হত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ করেছিলেন বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের ক্ষমা করে দিয়েছে।
তোফায়েল বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষের মণিকোঠায় চিরদিন বিরাজ করবে। যতদিন বাংলার মানুষ থাকবে ততদিন তাদের হৃদয়ের মণিকোঠায় বঙ্গবন্ধু বিরাজ করবে। কিন্তু জাতির জনকের ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

