নয়া কৃষি আইন প্রত্যাহার করা উচিত কেন্দ্রের: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:২০
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইন্ডিয়ার নয়া কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। সংসদে যতদিন পর্যন্ত এই আইনের ভালো-মন্দের বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা শেষ না হয় ততদিনের জন্য সাময়িকভাবে হলেও এই আইন প্রত্যাহার করে নেওয়া উচিত বলে মনে করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কৃষি আইন নিয়ে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
নতুন কৃষি আইন নিয়ে কেন্দ্রকে কাগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। করোনাকালে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তার দিকটিই আগে সুনিশ্চিত করতে হবে বলে মত এই অর্থনীতিবিদের।
তিনি বলেন, ‘‘এখনও দেশে মহামারী চলছে। ঠিক এই সময়ে এই আইন কার্যকর করাটা উচিত বলে মনে করি না। অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। একইসঙ্গে কৃষকরা বুঝতে পারছেন না, নয়া আইনের পর তাদের উৎপাদিত ফসলের দাম কীভাবে নির্ধারণ হবে। মূলত অর্থনৈতিক অনিশ্চয়তা থেকেই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।’’
নতুন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রীয় সরকার আইনে সংশোধনী আনা প্রস্তাব দিলেও তাতে সায় নেই কৃষক সংগঠনগুলির।
এই অর্থনীতিবিদ ওই সংবাদমাধ্যমে বলেন, ‘‘সরকারের উপর আস্থার জায়গাটায় চিড় ধরেছে। সেই কারণেই বারবার কেন্দ্র-কৃষক বৈঠকে সমাধানসূত্র বের হয়নি। কৃষকরা ভাবছেন এই আইনের জেরে কর্পোরেট সংস্থা তাদের ঠকিয়ে মুনাফা লুটবে। সরকার মানুষের ভালো চাইছেন। তবে সেটা কৃষকদের বোঝানোও সরকারেরই দায়িত্ব।’’
এদিকে, দাবিতে অনড় কৃষকরা। দিল্লিতে ঢোকার পথ আটকে বিক্ষোভ করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলছে কৃষকদের এই বিক্ষোভ।

