বাংলাদেশ থেকে দেড় কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া

বাংলাদেশ থেকে দেড় কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:০৩

মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন দেওয়ার কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে দেড় কোটি সিরিঞ্জ নিচ্ছে ইন্দোনেশিয়া। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড থেকে বিশেষ ধরনের এই সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে।

এ প্রসঙ্গে জেএমআই সিরিঞ্জেসের প্ল্যান্ট ম্যানেজার আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, “করোনার টিকা কার্যক্রমের জন্য ব্যবহার করা হয় অটো ডিজেবল সিরিঞ্জ, দেশের একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস। বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকা কার্যক্রম হাতে নেওয়া নানা দেশ থেকে ক্রয় প্রস্তাব পাচ্ছি আমরা। ইন্দোনেশিয়াতে দেড় কোটি সিরিজ বিক্রির মাধ্যমে এরই মধ্যে শুরু হয়েছে রপ্তানি আর অন্যান্য দেশের সাথে দর নির্ধারণের আলোচনা চলছে। এছাড়া গত ৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ৮১ লাখ সিরিঞ্জ পাঠানো হয়েছে। আগামীকাল (১৫ ডিসেম্বর) বাকি ৬৯ লাখ সিরিঞ্জ পাঠানো হবে।”

প্রতিষ্ঠানটির সহকারি মহাব্যবস্থাপক ও কোয়ালিটি আসিওরেন্স বিভাগের প্রধান মঈনুল ইসলাম বলেন, “করোনার মধ্যে আমাদের কারখানা একদিনের জন্যও বন্ধ ছিলো না। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব নিয়ম মেনে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করেই কারখানা চালু রেখেছি। ২০১২ সাল থেকে জেএমআই সিরিঞ্জের রয়েছে আইএসও ১৩৪৮৫.২০১৬ সনদ। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারে প্রতিষ্ঠানটি। আর এই বছর করোনা টিকা কার্যক্রম ব্যবহার ব্যবহৃত এডি সিরিঞ্জ ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতের অনুমতি হিসেবে সিই০০৬৮ সনদ নিয়েছি আমরা। এছাড়া পণ্যের মানের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছি না আমরা।”

এই প্রসঙ্গে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পরিচালক (কারখানা) গোলাম মোস্তফা বলেন, “দেশের শিশুদের টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাকসিনেশান এন্ড ইমুনাইজেশন মাননীয় প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন হিরো হিসেবে সম্মাননায় ভূষিত করেছে। আমরা সরকারের এই সফলতার অংশীদার হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দেশে আমদানি বিকল্প হিসেবে অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ উৎপাদন করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে বিগত ১৩ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সিরিঞ্জ সরবরাহ করে আসছি। করোনার টিকাদান কর্মসূচির জন্য সরকার যদি চায় তাহলে আমরা অগ্রাধিকার দিয়ে দেশের জন্য কাজ করতে প্রস্তুত আছি। এই মুহূর্তে আমাদের দৈনিক সিরিঞ্জ উৎপাদন সক্ষমতা ১২ লাখ, মাসে তিন কোটি ৬০ লাখ। তাই আমাদের মাত্র পাঁচ মাস সময় দিলে আমরা দেশের ১৮ কোটি মানুষের জন্য টিকা দেওয়ার সিরিঞ্জ তৈরি করতে পারব।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading