আনুষ্ঠানিকভাবে বাইডেনকে জয়ী ঘোষণা
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫২
মার্কিন ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক ভাবে জো বাইডেনকে নির্বাচনে জয়ী ঘোষণা করেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মার্কিন ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক ভাবে বাইডেনের জয় ঘোষণা করলো।
জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রশাসনও সাজাতে শুরু করে দিয়েছেন জো বাইডেন।
যদিও স্বভাবজাটভাবে ডোনাল্ড ট্রাম্প এখনো কারচুপির কথা বলে চলেছেন। ১৪ ডিসেম্বরেও তিনি জানিয়েছেন, তার কাছে কারচুপির প্রমাণ আছে।
মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট লাগে। টান টান নির্বাচনে বাইডেন ২৭০টির অনেক বেশি ভোট পেয়েছেন। সর্বশেষ ফলাফলে দেখা গিয়েছিল বাইডেনের ঝুলিতে ৩০৬টি ভোট, ট্রাম্পের ২৩২। কিন্তু তখনো ট্রাম্প বাইডেনের জয় স্বীকার করেননি। ফলে সকলেই অপেক্ষা করে ছিলেন ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। সোমবার মার্কিন ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়, বাইডেনই পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন।
এ দিকে জয় ঘোষণার পর মার্কিনবাসীদের ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। বলেছেন, এই জয় প্রত্যেক ভোটদাতার জয়। শুধু তাই নয়, মার্কিন গণতান্ত্রিক ভোট ব্যবস্থার জয় বলেও জানিয়েছেন বাইডেন।
পাশাপাশি ট্রাম্পকেও এক হাত নিয়েছেন বাইডেন। বলেছেন, একজন প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প যে ভাবে মানুষের মতামতকে অস্বীকার করছেন, ভোটে কারচুপির অভিযোগ তুলছেন, তা অ্যামেরিকার ইতিহাসে এই প্রথম।
আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার কথা বাইডেনের।

