এবারের ‘বিজয় মেলা’ হবে অন্তর্জালে
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫০
মহান বিজয় দিবসে বরাবরই চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘বিজয় মেলা’। তবে মহামারির কারণে এবার সেটি হবে অন্তর্জালে।
১৬ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি অন্তর্জালে অনুষ্ঠিত হবে এটি। মেলায় থাকবে দেশের গান, নাটিকা, কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ইত্যাদি। সকাল ১১ টা ৫ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত।
এ উপলক্ষে চ্যানেল আই ভবনে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মেলার বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের ম্যাগাজিন ‘আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান।
এবারের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘কঠিন মহামারি করোনার মধ্যেও জীবন জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে। বিজয় দিবসে অন্যান্য বারের মতো স্বাভাবিক পরিবেশ থাকলে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং আগামী বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি- সবকিছু মিলিয়ে অন্যরকম আনন্দ উদযাপন হতো। তারপরও চ্যানেল আই-এর আয়োজনে কোনও কমতি থাকবে না। যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চ্যানেল আই এবারের বিজয় দিবস পালন করবে। তবে সেটি সবাইকে দেখানো হবে অন্তর্জালের মাধ্যমে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ইমদাদুল হক মিলন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর, ঐক্য ফাউন্ডেশনের দুই পরিচালক সুরাইয়া আলম ও জান্নাতুল ফেরদৌস তিথি।

