সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০
সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও একজন। সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিসিক শিল্প নগরীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তারা হতাহত হন।
নিহতরা হলেন জেলার তালা উপজেলার সুজনসাহা গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক (২০) ও খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (১৮)।
আহত সুব্রত সেন (২২) সাতক্ষীরার পাইকগাছা উপজেলার বাকা গ্রামের উত্তম সেনের ছেলে। তারা সবাই সোনার দোকানের কারিগর।
পুলিশ জানায়, তিনজন একটি মোটরসাইকেলে করে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তাপস ও মিলন।
আহত সুব্রতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আসাদুজ্জামান।

