সৌদি আরবে ফাইজারের টিকা দেওয়া শুরু
সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমে করোনার টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। দেশটিতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এই টিকা দেওয়া শুরু হয়। আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান বুধবার (১৬ ডিসেম্বর) দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেওয়া শুরু করে সৌদি আরব।
লোকজনকে আশ্বস্ত ও উৎসাহিত করতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া টিকা নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ।’
টিকা নেওয়ার জন্য লোকজনকে আগে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। এই আহ্বানের পর ২৪ ঘণ্টায় দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে।
মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।
তিন ধাপে টিকার কার্যক্রম পরিচালনা করবে সৌদি। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে টিকা পাবেন।
সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৯১ জন।

