শাকিবের সিনেমার জন্য মামলার হুমকি দর্শকদের

শাকিবের সিনেমার জন্য মামলার হুমকি দর্শকদের

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৪৮

‘নবাব এলএলবি’ সিনেমাটি মুক্তি পেয়েছে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু সেখানে সিনেমার পুরো টাকা নিয়ে দর্শককে দেখানো হয়েছে অর্ধেক সিনেমা। এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন দর্শকেরা। বিরক্তি প্রকাশ করেছেন ছবির অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহিও।

সেখানে সাবসক্রাইব করে ছবি দেখার জন্য ৯৯ টাকা ব্যয় করেছেন দর্শক। কিন্তু সেখানে পুরো ছবিটি দেখতে না পেরে ক্ষুব্ধ হন দর্শকেরা। তারা জানিয়েছেন, তারা প্রতারণার শিকার।

ফেসবুকে দর্শকদের কেউ কেউ প্রতারণার অভিযোগে পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে মামলা করা যায় কি না, সেই পথও খুঁজেছেন। অনেকেই আবার ‘নবাব এলএলবি’ ছবিটি দুই খণ্ডে মুক্তির বিষয়টি আগে প্রচার না করায় একে ‘ওয়েব সিরিজ’ বলে উপহাসও করেছেন।

তবে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানান, তিনি প্রতারণা করেননি। অর্ধেক সিনেমা দেখানো একটা বিজনেস পলিসি।

সিনেমার নায়ক শাকিব খান বলেন, ‘দর্শকের সঙ্গে এটা অনেক বড় ধরনের প্রতারণা। এটা কোনো অবস্থায় বিজনেস পলিসি হতে পারে না। দেশ–বিদেশের সিনেমাপ্রেমী দর্শকেরা এত বড় প্রতারণার শিকার আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই।’

তিনি বলেন, ‘শুরু থেকেই ছবিটি নিয়ে নানা ধরনের প্রতারণা হচ্ছিল। বেশ কয়েকবার প্রযোজক–পরিচালককে সাবধান করা হয়। এই ছবির প্রযোজক–পরিচালকের অপেশাদার আচরণে বেশির ভাগ অভিনয়শিল্পীও খুবই বিরক্ত। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

মাহি জানান, ছবির শুটিং করতে গিয়ে পরিচালক অনন্য মামুনের কথার সঙ্গে মিল পাননি তিনি। তিনি বলেন, ‘ছবির শুটিং শেষে দুটি গান করার কথা ছিল। রোমান্টিক গানটি করা হলেও “ড্যান্স নাম্বার” নামে আরেকটি গান বাতিল করা হয়। রোমান্টিক গানের শুটিং শুরুতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল, পরে বলা হয়েছিল সেটি দুবাই ও মালদ্বীপে করা হবে। কিন্তু সেই গানের শুটিং হলো ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে। শুটিং করার কথা ছিল তিন দিন, কিন্তু এক দিনেই গানের শুটিং শেষ করা হয়।’

পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমে বলেন, ‘কোনো প্রতারণা করিনি। এমন তো নয় যে ৯৯ টাকায় পুরো সিনেমা দেখাচ্ছি না। যারা ৯৯ টাকায় টিকিট কেটেছেন, তারা এক টিকিটেই প্রথম পার্ট দেখেছেন, পরে পরের পার্টও দেখতে পাবেন। আর সিনেমাটির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা। এত বড় সিনেমা এক পার্টে মুক্তি দেওয়া সম্ভব নয় বলেই দুই অংশে দেওয়া।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading