পারিশ্রমিক কমালেন কণ্ঠশিল্পী সালমা
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৪
সম্প্রতি বেশকিছু গানে কণ্ঠ দিয়েছেন সালমা। একের পর এক প্রকাশিত হচ্ছে সেই গানগুলো। এর মধ্যে আবার পারিশ্রমিকও কমিয়ে দিয়েছেন তিনি।
পারিশ্রমিক কমানো প্রসঙ্গে সালমা বলেন, ‘মহামারির কারণে গানের বাজারে ধস নেমেছে। স্টেজ শো নেই, সিনেমা নেই, অডিও প্রকাশ করতে হচ্ছে ফ্রি ইউটিউবে। এমন সময়ে আগের মতো পারিশ্রমিক আমি চাইব কেন?’
যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছেন সালমা। এই মুহূর্তে অনলাইনে ক্লাস করতে হচ্ছে তাকে। মাঝে পড়াশোনায় দিতে হয়েছিল এক বছরের বিরতি।
তিনি বলেন, ‘ওই সময় আমি মা হয়েছি। সন্তান জন্ম দেওয়ার আগে ও পরের অনেক দিন সবকিছু থেকে বিরত ছিলাম। এ কারণে লেখাপড়ায় সময় দিতে পারিনি। তা ছাড়া লেখাপড়ার ক্ষেত্রে আপসের কোনো সুযোগ নেই। পড়াশোনাটা নিয়ম করেই করতে হয়। অন্তঃসত্ত্বা অবস্থায় পড়াশোনার সুযোগ কম।’
তিনি আরও বলেন, ‘মেয়ের জন্মের পর থেকে তাকে নিয়ে বেশির ভাগ সময় গেছে আমার। সবকিছুর ঊর্ধ্বে আমার মেয়ে। তাকে ঘিরেই আমার স্বপ্ন। আগে সন্তান, পরে অন্য কাজ।’
পরপর বেশি কাজ করার বিষয়ে সালমা বলেন, ‘প্রথমত, আমি গান গাওয়ার পারিশ্রমিক কমিয়ে দিয়েছি। দ্বিতীয়ত, গানের অনুশীলন, রেকর্ডিংয়ের সময় আমার সন্তানকে দেখভাল করেন আমার স্বামী এবং শাশুড়ি। যার কারণে এত কাজ করার সুযোগ পাচ্ছি। তাঁদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। তাদের উত্সাহে গান নিয়ে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। আগে বেশ কয়েক বছর এ রকম সুযোগ আমি পাইনি।’
সালমার মেয়ে সাফিয়া নূরের বয়স এখন ১৪ মাস। মেয়ের দেখভাল ও গানের পাশাপাশি শেষ বর্ষের পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছেন সালমা।
প্রকাশের ধারাবাহিকতায় সর্বশেষ বেরিয়েছে ‘অন্তঃপুরে’ শিরোনামে একটি গান। গানটি লিখেছেন ওমর ফারুক, সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজা। সংগীতচিত্র পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।

