অলিম্পিকে অংশ নেওয়া হচ্ছে না রাশিয়ার
উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:২০
ডোপিংয়ের অপরাধে শাস্তি ২ বছর কমলেও আগামী বছর অলিম্পিকে অংশ নেওয়া হচ্ছে না রাশিয়ার। তাদের শাস্তি চার বছর থেকে কমে দুই বহলেও রাশিয়ার নির্বাসনের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২২ সালের ১৬ ডিসেম্বর। এর অর্থ ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলেও থাকতে পারবেনা রাশিয়া।
ডোপিংয়ের জন্য বিশ্ব ডোপবিরোধী সংগঠন ওয়াডা রাশিয়াকে চার বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। এই শাস্তির বিরুদ্ধে রাশিয়া সর্বোচ্চ আদালতে যায়। বৃহস্পতিবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (ক্যাস) সেই শাস্তির মেয়াদ কমিয়ে দুই বছর করেছে।
ক্যাস জানিয়েছে, শাস্তি কমালেও, রাশিয়ার অপরাধ কমেনি। শাস্তি কমানো হয়েছে, যাতে রাশিয়ার পরবর্তী প্রজন্ম পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে দ্রুত খেলাধুলোয় অংশ নিতে পারে।
অলিম্পিক এবং বিশ্বকাপে রাশিয়া অংশ নিতে না পারলেও আগামী বছর ইউরোতে তারা খেলতে পারবে। কারণ ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফাকে বড় প্রতিযোগিতা আয়োজক হিসেবে ধরা হয় না।
রাশিয়া তাদের শাস্তির মেয়াদ ফুরনোর আগে পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতাও আয়োজন করতে পারবে না।
যেসব রুশ অ্যাথলিট নিজেদের ডোপমুক্ত প্রমান করতে পারবেন, তারা নিরপেক্ষ পতাকায় অলিম্পিক বা অন্য প্রতিযোগিতায় নামতে পারবেন।

