খুলনার জয়, ডাবল শিরোপা মাহমুদুল্লাহর
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার দেওয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫০ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ৫ রানে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনাল জেতে খুলনা।
এই নিয়ে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডাবল শিরোপা জয়ের কীর্তি গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস ওয়ানডে কাপের শিরোপা জিতেছিলো মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ।
ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ। ব্যাট হাতে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন তিনি। করোনা মহামারীর মধ্যে ক্রিকেটকে ফেরাতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুরুটা ভালো না হওয়ায়, চাপেই ছিলো খুলনা। কিন্তু মিডল-অর্ডারে নেমে দায়িত্ব নিয়ে ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে ৭ উইকেটে ১৫৫ রানের পুঁজি এনে দেন মাহমুদুল্লাহ।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের সেরা খেলোয়াড় হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আসরে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বোচ্চ শিকারী হয়েছেন ফিজ।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায়, ৩ লাখ ও সেরা বোলার হওয়ায় ২ লাখ টাকা পেয়েছেন মুস্তাফিজ। এছাড়া তার দল চট্টগ্রাম রানার্স-আপ হওয়ায়, খেলোয়াড় হিসেবে ৭৫ হাজার টাকা পেয়েছেন ফিজ।
সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। ১০ ইনিংসে ৩৯৩ রান করেছেন তিনি। আসরে তিনটি হাফ-সেঞ্চুরি করেন এই ডান-হাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ অনবদ্য ৭৮ রানের ইনিংস খেলেন লিটন।

