সর্বনিম্ন স্কোরে ইন্ডিয়ার নতুন রেকর্ড
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১০
একের পর এক ব্যাটসম্যান এলেন এবং উইকেট দিয়ে গেলেন অজি পেসারদের। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা যেন আগুন ছোটালেন অ্যাডিলেডের পিচে। ইন্ডিয়াকে ৩৬ রানেই থামতে হল দ্বিতীয় ইনিংসে। ৯০ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া টপকে গেল ৬ মেরে। গোলাপি বলের টেস্টে এখনও অপরাজেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মাঠে যেন জুজু দেখলেন ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। না দেখা গেল পায়ের মুভমেন্ট, না ক্রিজে পড়ে থাকার চেষ্টা।
বল করতে নেমে দিশেহারা দেখায় ইন্ডিয়ান বোলারদের। উমেশ যাদব, যশপ্রীত বুমরাদের বলে খেলে আত্মবিশ্বাসী হয়ে উঠেন অস্ট্রেলিয়ার দুই নড়বড়ে ওপেনারও। রবিচন্দ্রন অশ্বিনের বলে কিছু বিপদ দেখা গেলেও তা কখনওই যথেষ্ট ছিল না।
শুধু ৩৬ রানে ইনিংস শেষের লজ্জাই নয়, ইন্ডিয়ার চিন্তার কারণ মোহম্মাদ শামির চোট। হাতে বল লাগায় দ্বিতীয় ইনিংসে বল করেননি তিনি।
১৯৭৪ সালে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াড়েকরে ইন্ডিয়া। লর্ডসের মাঠে সেই কালো দিন ভুলতে বসেছিলেন ইন্ডিয়ানরা। কিন্তু শনিবার (১৯ ডিসেম্বর)প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড আরও বড় ক্ষত তৈরি করলেন ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে।

