করোনা ছোঁবে না সান্তাকে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৬
করোনা বয়স্কদেরই বেশি কাবু করে ফেলে। তাই তাদের নিয়ে চিন্তা বেশি। কিন্তু বড়দিনে সান্টা ক্লোজ ছাড়া সব ফিকে। কিন্তু এ বার কী করে উপহার নিয়ে আসবে সান্টা!
বড়দিন যত এগিয়ে এসেছে, হাজারো শিশুর মনে এই আশঙ্কাই জমাট বাঁধছে। কেউ নিজ দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে— ‘সান্টাকে বলে দিও, ও যেন স্যানিটাইজ়ার ব্যবহার করে।’
কেউ আবার সোজা সান্টাকেই চিঠি পাঠিয়েছে— ‘আমার দাদুকে বাড়ি থেকে বেরোতেই দেওয়া হয় না। তুমি কী করে অত দূর থেকে আসবে?’
খুদেদের ভরসা জোগাতে এ বার এগিয়ে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষকর্তা মারিয়া ভ্যান কারকোভ এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘সান্টা ক্লোজের বয়স অনেক বেশি। তাই তাকে নিয়ে চিন্তা হবেই। তবে চিন্তার কিছু নেই। আমরা জানতে পেরেছি, করোনাভাইরাস সান্তাকে ছুঁতেই পারবে না।’’
সাম্প্রতিক একটি পরিসংখ্যান বলছে, দশ বছরের নীচে পাঁচটি শিশুর মধ্যে এক জন বিশ্বাস করে যে সত্যিই সান্টা ক্লোজ বলে এমন কেউ রয়েছে, যে ২৪ ডিসেম্বর মাঝরাতে এসে তার জন্য উপহার রেখে যায়।
আমেরিকায় ৬ বছরের নীচে ৬৫ শতাংশ এবং ৮ বছরের নীচে ২৫ শতাংশ শিশু সান্টা ক্লোজে বিশ্বাস করে।

