জলবায়ু নিয়ে আর নষ্ট করার মতো সময় নেই: বাইডেন

জলবায়ু নিয়ে আর নষ্ট করার মতো সময় নেই: বাইডেন

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৬

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার জলবায়ু ও জ্বালানি বিষয়ক দলের সদস্যদের নাম ঘোষসা করেছেন। এসময় তিনি বলেছেন, এরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক ‘উচ্চাভিলাষী পরিকল্পনার’ নেতৃত্ব দেবেন।

ডেমোক্র্যাট এ রাজনীতিবিদ সামনের দিনগুলোতে জলবায়ুকেই অগ্রাধিকারের শীর্ষে রাখার আশ্বাস দিয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের অনেক নীতিকেই পাল্টে দেবে বলে ধারণা করা হচ্ছে।

“জলবায়ু নিয়ে এখান আর নষ্ট করার মতো সময় নেই,” শনিবার (১৯ ডিসেম্বর) জো বাইডেন এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

আমেরিকার সিনেটে বাইডেনের এ জলবায়ু ও জ্বালানি দলের নিয়োগ নিশ্চিত হলে ইতিহাস সৃষ্টি হবে। দলটিতে পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) পরিচালনায় একজন কৃষ্ণাঙ্গ এবং মন্ত্রিসভার সদস্য হিসেবে একজন আদিবাসী আমেরিকানকে রাখা হয়েছে।

২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া বাইডেন তার প্রশাসনে বৈচিত্র থাকবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন।

বাইডেন বলেন, “আমরা সংকটের মধ্যে আছি। কোভিড-১৯ মোকাবেলায় যেমন আমাদের সমন্বিত হওয়া দরকার, তেমনি দরকার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও সমন্বিত জাতীয় প্রতিক্রিয়া”।

দায়িত্ব গ্রহণের পরপরই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা ও ‘যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে নেতৃত্বের স্থানে ফিরিয়ে আনা’র প্রতিশ্রুতি দেওয়া বাইডেন অনেকদিন ধরেই ট্রাম্প প্রশাসনের জলবায়ু নীতি পাল্টে ফেলার আশ্বাস দিয়ে আসছেন।

ট্রাম্পের অধীনেই চলতি বছর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম তুলে নেয়।

বাইডেন তার জলবায়ু ও জ্বালানি দলের সদস্যরা ‘চৌকস, যোগ্য, পরীক্ষিত এবং বাধা টপকানোর দক্ষতাসম্পন্ন’ বলে মন্তব্য করেছেন।

তার মনোনীতদের মধ্যে আছেন নর্থ ক্যারোলাইনার শীর্ষ পরিবেশ নিয়ন্ত্রক মাইকেল রেগান; সিনেটে নিয়োগ নিশ্চিত হলে তিনি হবেন ইপিএ’র প্রথম আফ্রিকান-আমেরিকান প্রধান। দলে আছেন নিউ মেক্সিকো থেকে প্রতিনিধি পরিষদে আসা ডেব হাল্যান্ডও, পদে বসলে যিনি হবেন আমেরিকার ইনটেরিয়র বিভাগকে নেতৃত্ব দেওয়া প্রথম আদিবাসী আমেরিকান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading