ইসরাইলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন ইমরান খান

ইসরাইলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেন ইমরান খান

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের খবর আবারো নাকচ করেছেন।

ইসলামাবাদ থেকে প্রেস টিভির সংবাদদাতা জাভেদ নানা জানিয়েছেন, নূর দাহরি নামে একজন লন্ডনভিত্তিক গবেষক সম্প্রতি দাবি করেছেন, পাকিস্তান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য প্রকাশের পরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একে ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান যেখানে ইসরাইলকে স্বীকৃতি দেয় না সেখানে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো কারণ থাকতে পারে না। তিনি আরো বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেবে না।

এদিকে, যে নূর দাহরি পাকিস্তানের বিষয় এই তথ্য প্রকাশ করেছেন তিনি অর্থের বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে এ ধরনের অপপ্রচার চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

বেশ কিছুদিন ধরেই খবর বের হচ্ছে যে, সৌদি আরব ও আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তান ব্যাপক চাপের মুখে রয়েছে। এ দুটি দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। খবর পাওয়া যাচ্ছে যে, পাকিস্তান যদি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে তাহলে সৌদি আরব এবং আরব আমিরাতে কর্মরত পাকিস্তানের ৪০ লাখের বেশি শ্রমিককে বহিষ্কার করা হবে।

এ অবস্থায় পাক সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের চাপ মোকাবেলার কৌশল হিসেবে ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

পাকিস্তানে ইসরাইলের পক্ষে কথা বলা সামাজিকভাবে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হয়। সাধারণভাবেই পাকিস্তানের জনগণ ইসরাইলের বিপক্ষে এবং তারা মনে করেন পবিত্র ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা জরুরি। ফিলিস্তিন ইস্যুকে পাকিস্তানের জনগণ শুধুমাত্র আরব ইস্যু হিসেবে বিবেচনা করেন না বরং একে বৃহত্তর মুসলিম স্বার্থের বিষয় বলে মনে করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading