নির্মমতাকে ‘কবর দিয়ে’ মানুষকে ভালোবাসতে হবে: আইজিপি

নির্মমতাকে ‘কবর দিয়ে’ মানুষকে ভালোবাসতে হবে: আইজিপি

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:০২

নির্মমতাকে ‘চিরতরে কবর দিয়ে’ মানুষের সমস্যার কথা শোনার, তাদের ভালোবাসার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, “মানুষকে ভালোবাসলে তাদের ভালোবাসাও পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে।”

রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে ১৩ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপারদের ব্রিফিংয়ে আইজিপির এ কথা বলেন বলে সোমবার (২১ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি বলেছেন, “আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের স্থান নেই।”

জেলার পুলিশ সুপারদের (এসপি) ‘রোল মডেল’ হয়ে ওঠার তাগিদ দেন পুলিশ প্রধান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে ‘চেইঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে তাদের।

“ব্রুটালিটি বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সঙ্গে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে।”

আইজিপি বলেন, বাহিনীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে, পাশাপাশি শৃঙ্খলার প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।

“সারাদেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।”

সম্প্রতি কুড়িগ্রাম, রাঙামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, কুমিল্লা, গোপালগঞ্জ ও বরিশাল জেলায় যে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে, এ অনুষ্ঠানে তাদের ব্রিফ করেন আইজিপি।

অন্যদের মধ্যে অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading