বাবা-মায়ের প্রশিক্ষণে ৮০ লাখ টাকার জিনিস চুরি করল ৬ বছরের শিশু
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০
ছয় বছরের এক শিশু চুরি করল প্রায় ৮০ লাখ টাকার জিনিস। ঘটনা অবাক করা হলেও একেবারে সত্যি। এই চুরির জন্য তাঁর বাবা-মা তাঁকে রীতিমতো প্রশিক্ষণ দিয়েছিল। বাবা-মা’র দেখানো রাস্তা দিয়েই দোকান থেকে ১৮ ক্যারেটের সোনার ঘড়ি চুরি করে ওই খুদে।
জানা গিয়েছে, ইলি ও মার্তা নামের ওই দম্পতি চুরির ঘটনার আগে ওই দোকানে যায় ও সেখানে গিয়ে ওই ঘড়ির ফটো তুলে আনে। এর ঠিক পাঁচ দিন পরে, ওই দম্পতি আবার তাঁদের ছয় বছরের ছেলেকে নিয়ে দোকানে যায় এবং সেই সুযোগে ৬ বছরের খুদে মূল্যবান ঘড়িটি চুরি করে নিয়ে যায়।
জানা গিয়েছে, ওই দম্পতি ৬ বছরের ছেলের হাতে একটি নকল ঘড়ি দেয়। ছেলেটিও সুযোগ বুঝে আসল ঘড়ির জায়গায় নকল ঘড়ি রেখে আসলটি চুরি করে নেয়। যার জন্য প্রাথমিক ভাবে স্টোরের কর্মীরা তাত্ক্ষণিকভাবে চুরিটি ধরতে পারেনি। পরের দিন এক কর্মীর ঘড়িটি দেখে সন্দেহ হওয়ায়, পুলিশকে ডাকা হয়।
অন্যদিকে চুরির পরেই ওই দম্পতি ব্রিটেন ছেড়ে পালানোর চেষ্টা করে। তবে তাঁদের প্ল্যান সফল করার আগেই পুলিশ তাঁদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গিয়েছে, ওই দম্পতি রোমানিয়ার বাসিন্দা। ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর তাঁদের ছেলেকে দিয়ে এই চুরির ঘটনা ঘটায় ওই দম্পতি। এই অপরাধের জন্য আদালত বাচ্চার বাবাকে ১৮ মাসের কারাদণ্ড ও তাঁর মাকে ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

