৩০ ডিসেম্বর সারা দেশে বিএনপির বিক্ষোভ
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৫৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে সারা দেশে ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটি গত শনিবার ভার্চুয়াল সভায় বিগত জাতীয় নির্বাচনের বিরোধিতা করে এ কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করে।
সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর সেই কলঙ্কময় দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এ দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করে।’
বিএনপি নেতা জানান, ২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে ৩০ ডিসেম্বর বেলা ১১টায় সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ হবে।
ওইদিন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির ঢাকা দক্ষিণ ও উত্তর শাখা যৌথভাবে বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

