থার্টি ফার্স্ট রাতে ‘ডি জে পার্টিতে’ পুলিশের নিষেধাজ্ঞা
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২২:০৫
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার থার্টি ফার্স্ট রাতে খোলা জায়গায় যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি হোটেলে ‘ডি জে পার্টিতে’ও নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠানে এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোনো পার্টি করতে দেওয়া হবে না। হোটেলে ডি জে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করা যাবে। তবে কোনো ক্রমেই ডি জে পার্টি করতে দেওয়া হবে না। হোটেলগুলোতে অনুষ্ঠানের কারণে রাস্তায় যেন অতিরিক্ত যানজটের সৃষ্টি না হয় সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না।
ওই দিন সন্ধ্যা থেকে ঢাকার বারগুলো বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে যথারীতি রাত ৮টার পর সব ফাস্টফুডের দোকানসহ মার্কেট বন্ধ থাকবে।

