বায়োএনটেক-ফাইজার ভ্যাকসিন ব্যবহারে ইইউ’র অনুমোদন
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৩২
ব্রিটেন ও আমেরিকায় জরুরি প্রয়োজনে বায়োএনটেক এবং ফাইজার উদ্ভাবিত কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদনের কয়েক সপ্তাহ পরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে করোনাভাইরাসের চিকিৎসায় শর্ত সাপেক্ষে এ টিকা ব্যবহারের অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। খবর এপি’র।
সোমবার (২১ ডিসেম্বর) বিশেষজ্ঞদের রুদ্ধদ্বার বৈঠকের পর ইইউ’র ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ব্যতিক্রম বাদে ১৬ বছরের বেশি বয়সী মানুষের শরীরের এ টিকা দেয়ার অনুমোদন দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। ফার্মাসিউটিকেল সংস্থাগুলোকে আগামী বছর তাদের ভ্যাকসিন ব্যবহারের জন্য ফলো-আপ ডেটা জমা দিতে হবে।
ইইউ’র ওষুধ নিয়ন্ত্রক সংস্থার প্রধান ইমার কুক বলেন, ‘এটি সত্যই এক ঐতিহাসিক বৈজ্ঞানিক অর্জন। মহামারির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক টুইটে জানিয়েছেন, ‘ইউরোপীয়দের জন্য নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহে আমাদের প্রয়াসের অনুমোদন দেয়ার সময়ে এ সিদ্ধান্ত নিয়েছে ইএমএ।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এখন আমরা দ্রুতই এটি বাস্তবায়ন করব। এ বিষয়ে আমি আজ সন্ধ্যা নাগাদই ইইউ কমিশনের সিদ্ধান্ত জানাব বলে আশা করছি। যদিও সিদ্ধান্ত অনুমোদনের জন্য দুই বা তিন দিন প্রয়োজন হতে পারে বলে মনে করেছিল ইএমএ।
জার্মান এবং ইউরোপের আরও কয়েকটি দেশ বলেছে তারা ২৭ ডিসেম্বর দেশের জনগণের মধ্যে টিকা প্রয়োগ শুরু করতে পারবে বলে আশাবাদী।
বায়োএনটেকের প্রধান নির্বাহী এবং সহ-প্রতিষ্ঠাতা উগুর সাহিন বলেন, ‘আজ বায়োএনটেকের ব্যক্তিগত ও আবেগের দিন। ইইউ’র কেন্দ্রস্থলে থেকে আমরা এ বিধ্বংসী মহামারি মোকাবিলার সহায়তায় ইউরোপে সম্ভাব্য প্রথম ভ্যাকসিন সরবরাহে এক ধাপ এগিয়ে যেতে পেরে আনন্দিত।’
সাহিন বলেন, ‘সরবরাহের সবুজ সংকেত পাওয়ার সাথে সাথে ইইউ জুড়ে প্রাথমিক ভ্যাকসিন ডোজ সরবরাহ শুরু করার জন্য প্রস্তুত আছি।’

