হারের পরেও র্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে কোহলির
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৩
অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে ইন্ডিয়া আড়াইদিনে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে অ্যাডিলেড টেস্টে। তারপরও ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলির দুটি র্যাঙ্কিং পয়েন্ট বেড়েছে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্টিভ স্মিথের সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান কমেছে তার। ২০ ডিসেম্বর প্রকাশিত হয় আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিং।
দিবারাত্রির অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসের ৭৪ রান কোহলিকে এনে দিয়েছে দুটি পয়েন্ট। উল্টোদিকে দুই ইনিংসে ১ ও ১* রান কমিয়ে দিয়েছে স্মিথের ১০টি পয়েন্ট।
সর্বশেষ প্রকাশিত আইসিসির খেলোয়াড় র্যাঙ্কিংয়ে অ্যাডিলেডজয়ী অস্ট্রেলিয়ানদেরই জয় জয়কার। ব্যাটিং র্যাঙ্কিংয়ের চারে থাকা মার্নাস লাবুশেনের ৪৭ ও ৬ রানের দুটি ইনিংস তাকে উপহার দিয়েছে ক্যারিয়ারসেরা ৮৩৯ পয়েন্ট। ম্যাচ সেরার পুরস্কার জেতা অধিনায়ক টিম পাইনের অপরাজিত ৭৩ রানের ইনিংস ৫৯২ পয়েন্ট হাতে জমিয়ে তাকে উঠিয়েছে ক্যারিয়ারসেরা ৩৩তম স্থানে। তার আগের সেরা র্যাঙ্কিং ছিল ৪৫, যেখানে উঠেছিলেন ঠিক দু’বছর আগের ডিসেম্বরে। আর জো বার্নসের অপরাজিত ৫১ তাকে ২০১৬ সালের পর তাকে এনেছে সেরা পঞ্চাশের (৪৮তম) মধ্যে।
অলারউন্ডার র্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন নেই। সেখানে শীর্ষে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, তিনে ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা। আর চারে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

