রাজধানীতে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৫
রাজধানীর কামরাঙ্গীচরে ভবনের ছাদ থেকে পড়ে রাশিদা বেগম (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্বজনরা দাবি করেছেন, কম্বল রোদ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাশিদা বরিশাল জেলার মুলাদী উপজেলার চর সেলিমপুর গ্রামের মেশিনারিজ ব্যবসা ব্যবসায়ী মোহাম্মদ সেন্টুর স্ত্রী। মোহাম্মদ সেন্টুর ভাই (ওই নারীর দেবর) মিন্টু জানান, রনি মার্কেট এলাকার ওই ভবনে ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন রাশিদা। আজ সকালে তিনি ছয় তলার ছাদে কম্বল রোদে দিতে যান। রেলিঙে কম্বল মেলে দেওয়ার সময় ঝাঁকি সামলাতে না পেরে ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

