‘ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে’
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০
করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে বিভিন্ন দেশ। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে দেশটির বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্যে সৌদি আরব সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে। এ ব্যাপারে বিমান সচিব বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুনরায় বিমান চলাচল শুরু হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
প্রসঙ্গত, রবিবার ব্রিটিশ সরকার নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ার স্বীকারোক্তি দেওয়ার পর বেশ কয়েকটি দেশ ব্রিটেন ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।

