মডার্নার টিকার অনুমোদন কানাডার
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:১১
কানাডা এবার মডার্নার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) অটোয়ায় এক সংবাদ সম্মেলনে হেলথ কানাডার চিফ মেডিক্যাল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা এ তথ্য জানিয়েছেন।
টিকার চালান মূলত জানুয়ারিতে পৌঁছানোর কথা থাকলেও কয়েক সপ্তাহ আগেই আগেই এটি দেশটিতে পৌঁছাবে বলে প্রতীয়মান হচ্ছে। কর্তৃপক্ষও আসন্ন বড়দিন উৎসবের আগেই নাগরিকদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে আগ্রহী। মডার্নার পক্ষ থেকে ২০২১ সালের মধ্যেই দেশটিতে মোট ৪০ মিলিয়ন টিকার ডোজ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কানাডিয়ানদের জন্য মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনকে কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর প্রথম ডোজ নির্ধারিত সময়ের আগেই দেওয়ার চেষ্টা করবে কর্তৃপক্ষ।
বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার টিকার অনুমোদন দিলো কানাডা। এর আগে শুধু আমেরিকা এ টিকার অনুমোদন দিয়েছে।
এ অনুমোদনের ফলে দেশটিতে গণহারে টিকাদানের সরকারের প্রচেষ্টায় ফাইজারের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে যুক্ত হলো মডার্নার টিকা।
স্থানীয় সময় বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার স্বতন্ত্র পর্যালোচনার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়া রয়েছে। আমি জানি যে, আমাদের সেরা বিশেষজ্ঞরা এই সর্বোচ্চ মানটি ধরে রেখেছেন।
তিনি বলেন, হেলথ কানাডা যেহেতু ফাইজারের পর এখন মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ফলে আমাদের জন্য এখন দেশজুড়ে এটি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
হেলথ কানাডার চিফ মেডিক্যাল অ্যাডভাইজার ড. সুপ্রিয়া শর্মা বলেন, টিকা অনুমোদনের এই প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হলেও হেলথ কানাডার কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া জোরালোভাবে অনুসরণ করা হয়েছে।
নতুন ভ্যাকসিনের অনুমোদনকে করোনার বিরুদ্ধে কানাডার লড়াইয়ে একটি গেম চেঞ্জার হিসেবে মনে করা হয়। কেননা, এ মাসেই দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে কঠোর লকডাউন আরোপ করা হয়।
ড. সুপ্রিয়া শর্মা বলেন, যদিও সুড়ঙ্গের শেষে একটি আলো রয়েছে, তবে আমরা জানি যে আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ। আমাদের সবাইকে এই ছুটির মৌসুমে এবং নতুন বছরে জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণের জন্য অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে। সূত্র: সিটিভি নিউজ।

