ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের সাউদি-সাইফার্ট
উত্তরদক্ষিণ |বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৬
নিউজিল্যান্ডের টিম সাইফার্ট ও টিম সাউদির দুর্দান্ত পারফর্মেন্সের পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারানোয় গুরুত্বপূর্ণ অবদান রাখে। দারুণ পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই দুই ক্রিকেটারই আইসিসির র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠে এসেছেন।
নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শেষে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের হালানাগাদ বুধবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করেছে আইসিসি। ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে ঢোকা ওপেনার সাইফার্ট আছেন নয়ে। সাউদিও প্রথমবার জায়গা পেয়েছেন দশের ভেতর, বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে আছেন সাত নম্বরে।
সিরিজ জুড়ে দুর্দান্ত ধারাবাহিক ছিলেন সাইফার্ট। দুই ফিফটিতে রান করেছেন সর্বোচ্চ ১৭৬। সিরিজ সেরা হওয়া এই ক্রিকেটার র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৪ ধাপ।
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ডেভন কনওয়ের (১০ ধাপ এগিয়ে ৬২তম) ও গ্লেন ফিলিপসেরও (১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭২তম)। বোলারদের তালিকায় স্কট কুগেলাইন ৪২ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠেছেন। দুই ধাপ পিছিয়ে মিচেল স্যান্টনার এখন নয়ে।
সিরিজে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ক্যারিয়ার সেরা অপরাজিত ৯৯ রান সহ মোট ১৪০ রান করেন। তার উন্নতি ১৪ ধাপ, আছেন ৩৩তম স্থানে। নেপিয়ারে ম্যাচ জেতানো ৮৯ রানের ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান এগিয়েছেন ১৫২ ধাপ! আছেন ১৫৮তম স্থানে।
পাকিস্তানের ফাহিম আশরাফ ২২ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩তম এবং শাহিন শাহ আফ্রিদি ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তম স্থানে। উন্নতি হয়েছে হারিস রউফেরও।

