টিকা আনার সব প্রক্রিয়া শেষ: স্বাস্থ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০০
ভারত থেকে করোনাভাইরাসের টিকা আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা জানান জাহিদ মালেক।
তিনি বলেছেন, আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন আনছি। জানুয়ারির শেষের দিকে আসবে। ভ্যাকসিন আনার পুরো প্রক্রিয়া শেষ।
দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ, অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে নতুন করোনাভাইরাসের টিকা দেওয়ার খসড়া পরিকল্পনা তৈরি করেছে সরকার।
প্রথম দফায় টিকা আনা হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনকা কোম্পানি এই টিকা তৈরি করছে, যা ভারতের প্রতিষ্ঠানটিতেও উৎপাদন হচ্ছে। বেক্সিমকোর মাধ্যমে এই টিকার তিন কোটি ডোজ কিনতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে সরকার। মহামারী মোকাবেলায় যারা সামনে থেকে কাজ করছেন, শুরুতে তাদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে।
এছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভি বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। আরও উৎস থেকে টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও সরকারের তরফে বলা হচ্ছে।

