আবারও সৌরভ আইসিসিতে ইন্ডিয়ান বোর্ডের ডিরেক্টর
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৯
আইসিসি-তে ইন্ডিয়ান বোর্ডের ডিরেক্টর হিসেবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম আরও একবার মনোনীত হল। বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন শাহ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কেন্দ্র হিসেবে কলকাতা, মুম্বই, আমদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বাছা হয়েছে।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ভেঙে দিচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। শুধু বেঙ্গালুরুতে নয়, এবার থেকে পাঁচটি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএ। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

