দিনভর চললো কঙ্গনার মেকাপ সেশন
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৩
কিছুদিন আগেই শেষ করেছেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের শ্যুটিং। এরই মধ্যে নতুন ছবির প্রস্তুতির কাজে ব্যাস্ত হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনভর চলে তার পরবর্তী ছবির চরিত্রের জন্য মেক আপ সেশন। প্রস্থেটিক মেকাপের মাপজোক। মুখে মেক আপের রঙিন পুরু আস্তরণ দেওয়া ছবিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবির নাম জানিয়ে কঙ্গনা লেখেন, ‘ধক্কর’এর প্রস্তুতি চলছে।
মহিলা গুপ্তচর নিয়ে বলিউডের প্রথম ছবি ধক্কর। ‘জেমস বন্ড’-এর মহিলা ভার্সন নিয়ে যখন হলিউড তোলপাড় তখন এই ছবি ইন্ডিয়ায় ইতিহাস সৃষ্টি করতে চলেছে বলে দাবি করেছেন কঙ্গনা।
এর আগে ছবির অ্যাকশন মহড়ার শ্যুটিং করতে মানালি গিয়েছিলেন কঙ্গনা।
মেকাপ সেশনের ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘জানুয়ারি মাসেই শুরু হচ্ছে ধক্করের শ্যুটিং। ভারতীয় ছবির নতুন যুগ নিঃসেন্দেহে। প্রথম নারী গুপ্তচরকে নিয়ে ছবি। আজ প্রস্থেটিক মেক আপের মাপ নেওয়া হল। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধক্কর টিমকে ধন্যবাদ’।

