টিএসসি আধুনিকায়নে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত চেয়েছে ঢাবি
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১০
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)’র উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত চেয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মতামত জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে।’
মতামত প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি গুগল ওয়েব লিংক তৈরি করা হয়েছে। ওই লিংকের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারবেন।
বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি প্রস্তাবনা তৈরি করে আমরা গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠাবো।’
জানা গেছে, এই বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক আইসিটি পরিচালক, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (শিক্ষা) ও কোষাধ্যক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।

