সারাদেশ থেকে সংখ্যালঘু নিপীড়নের তথ্য তুলে আনতে হবে: শামা
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১৫
বিএনপি রাষ্ট্রের দায়িত্বে থাকলে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা মিথ্যা প্রচারণা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘এই প্রচারণা বন্ধে দলের নেতাকর্মীদের বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর বছরে সারাদেশ থেকে সংখ্যালঘু নিপীড়নের তথ্য তুলে আনতে হবে।’
শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় শামা ওবায়েদ এসব কথা বলেন।
বড়দিন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ফোরামের ঢাকা মহানগর কমিটি।
শামা ওবায়েদ বলেন, ‘আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। দেশের প্রতিটি জেলা, উপজেলা, সর্বস্তরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আগামী বছর আমাদের দেশ ৫০ বছরে পা দেবে। বিএনপি প্রথম আওয়ামী লীগের আগে বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছে। সারাবছর আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করবো। বিএনপি মুক্তিযোদ্ধার দল। ২০২১ সালে আমাদের প্রমাণ করতে হবে আওয়ামী লীগ রাজাকারের দল, শেখ হাসিনা ও শেখ মুজিবের পরিবারের কেউ মুক্তিযুদ্ধে যায়নি, মুক্তিযুদ্ধ করেনি। এই উপমহাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান যিনি রণাঙ্গণে সরাসরি যুদ্ধ করেছেন।’

