ফের বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০
সিলেট থেকে দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় চালক ও তার সহকারীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে শনিবার (২৬ ডিসেম্বর) রাতে দিরাই থানায় মামলটি দায়ের করেন। তবে রবিবার সকাল পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে বাসে একা পেয়ে চালক ও তার সহকারী ওই ছাত্রীকে ধর্ষণ করতে চাইলে চলন্ত বাস থেকেই মেয়েটি লাফিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী হয়ে চালক ও সহকারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

