পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১০
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ৭ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে হারনাই অঞ্চলে আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি ফাঁড়িতে এ হামলা হয়।
হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের মাঝে ৭ সৈন্য নিহত হয়েছে বলে রবিবার (২৬ ডিসেম্বর) বিবৃতিতে জানায় পাকিস্তান সেনাবাহিনী।
হামলাকারীরা যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়। বন্দুকধারীদের ধরতে বিস্তৃত অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম দ্য হিন্দু।
“রাষ্ট্রবিরোধী শক্তি সমর্থিত বৈরি উপাদানের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে বেলুচিস্তানে কষ্টে অর্জিত শান্তি ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না,” বিবৃতিতে এমনটাই বলেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বেলুচিস্তানে এ হামলা ও প্রাণহানির ঘটনায় ‘মনক্ষুণ্ন’ হওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর হাতে ১০ বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ফ্রন্টিয়ার কর্পসের ফাঁড়িতে এ হামলা হয়েছে বলে অনেকের ধারণা।

