বাংলাদেশ-লন্ডন ফ্লাইট চলবে, নিজ খরচে কোয়ারেন্টিনে যাবেন যাত্রীরা
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০০
লন্ডনের সঙ্গে বিমান যোগাযোগ চালু থাকবে। তবে লন্ডন থেকে কেউ আসলে তাকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-লন্ডন ফ্লাইট যোগাযোগ নিয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, ফ্লাইট চালু থাকবে। তবে যারাই লন্ডন থেকে আসবেন তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আসকোনা হজ ক্যাম্প ও উত্তরা দিয়াবাড়িতে সরকারি কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে। তবে যাত্রীকে সব খরচ বহন করতে হবে। এছাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী ভালো মানের হোটেলের ব্যবস্থাও করা হবে। এছাড়াও একদিন আগের নেগেটিভ রিপোর্ট নিয়ে আসলেও বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হবে। সিভিল অ্যাভিয়েশন কতৃপক্ষ এটা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন।

