এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৩ জানুয়ারি
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:১২
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সিনহার ভাই ও ভাতিজার সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ আদেশ দেন। সাক্ষীরা হলেন— সিনহার ভাই নরেন্দ্র কুমার সিংহ ও ভাতিজা শংখজিত সিনহা। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়,কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হলে আসামি বাবুল চিশতী হঠাৎ অসুস্থ হওয়ায় সাক্ষী নরেন্দ্র কুমার সিংহ ও শংখজিত সিনহার সাক্ষ্যগ্রহণ করা হয়। এদিন শংখজিতের সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী তারিখ ধার্য করা হয়।
মামলার ১৮ হন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এর আগে ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

