মৌলভীবাজারে খুঁটির সঙ্গে অটোরিকশার ধাক্কায় চালক নিহত
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৩৮
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খুঁটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা ৪ যাত্রী। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ঘন কুয়াশার কারণে সড়কের পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশা সম্মুখ দিক দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্যর (৪৮) মৃত্যু হয়।
তার বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুরে। দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন- কুলাউড়া উপজেলার দিলদারপুর চা-বাগানের শিশু বিউটি (৯), নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ণ (৪০) ও বিক্রম (৩০)।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল নিহত চালকসহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ সিংহ বলেন, পুলিশ দুর্ঘটনায় আক্রান্ত ৫ জনকে রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর মধ্যে চালক সন্তোষ বৈদ্যকে মৃত পাওয়া যায়। বাকি আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, তীব্র শীতের মধ্যে সোমবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটে।

