নাভালনিকে রাশিয়ায় ফেরার নির্দেশ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩৫
রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। অন্যথায়, তিনি কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। খবর তাস।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে রাশিয়ার রাষ্ট্রপতির দফতর থেকে জারি করা এক আদেশে এ কথা জানানো হয়েছে।
এ ব্যাপারে রাশিয়ার ফেডারেল প্রিজন সার্ভিস (এফএসআইএন) জানিয়েছে, ২০১৪ সাল থেকে একটি মামলায় সাড়ে তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ নিয়ে দেশটির অপরাধ তদন্ত সংস্থার নজরদারিতে রয়েছেন নাভালনি। কিন্তু, বর্তমানে জার্মানির এক অজ্ঞাতস্থানে অবস্থান করার কারণে তার ব্যাপারে সরকারি দফতরে কোনো তথ্য নেই।
এর আগে, চলতি বছরের আগস্টে তমস্ক থেকে রাজধানী মস্কোতে যাওয়ার পথে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে, তাকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় জার্মানিতে। সেখানে, চিকিৎসাধীন অবস্থায় ইউরোপের বিশেষজ্ঞরা জানান, নাভালনিকে স্নায়ুযুদ্ধের সময়কালের শক্তিশালী নোভিচক বিষপ্রয়োগ করা হয়।

