দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ২০২০ ছিল সবচেয়ে কঠিন বছর: মের্কেল

দীর্ঘ ১৫ বছরের শাসনামলে ২০২০ ছিল সবচেয়ে কঠিন বছর: মের্কেল

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৪৫

কোভিড-১৯ এর টিকা দেওয়া শুরু হওয়ায় ২০২১ আশার বছর হয়ে এসেছে বলে উল্লেখ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। তিনি ২০২০ সালকে তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলের সবচেয়ে কঠিন বছর বলে বর্ণনা করেছেন।

এবছরের মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার কথা রয়েছে মের্কেলের। তার আগে জাতির উদ্দেশে নতুন বছর উপলক্ষে দেওয়া শেষ ভাষণে একথা বলেছেন তিনি।

২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন আঙ্গেলা মের্কেল। এবছর মেয়াদ ফুরোলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক জীবন থেকেও সরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

দীর্ঘ এই শাসনামলে ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কট, এর এক বছর পর গ্রিসের ঋণ সংকট এবং পাঁচ বছর আগে অভিবাসী সঙ্কটের মধ্যেও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কান্ডারী হয়ে থেকেছেন মের্কেল।

কিন্তু সব সংকট ছাপিয়ে কোভিড-১৯ মহামারী ২০২০ সালকে সবচেয়ে কঠিন করে তুলেছে ইঙ্গিত দিয়ে মের্কেল বলেন, “আমি একটুও বাড়িয়ে বলছি না। গত ১৫ বছরে কখনওই বিদায়ী বছরকে এত ভারি মনে হয়নি। আবার শত উদ্বেগ আর কিছু সমালোচনার পরও কোনও নতুন বছরের জন্য এত আশা নিয়ে কখনও অপেক্ষা করিনি।”

তিনি আরও বলেন, “করোনাভাইরাসে প্রিয়জনদের হারিয়ে শোকার্ত স্বজনরা কিংবা ভাইরাসটির শিকার হয়ে অসুস্থতার সঙ্গে লড়ে যাওয়া মানুষেরা কতটা তিক্ততা বোধ করছেন তা কেবল আমরা কল্পনাই করতে পারি।”

বৈজ্ঞানিক পরামর্শমত মহামারী পরিস্থিতি সামাল দিয়ে প্রশংসা কুড়িয়েছেন মের্কেল। অনেক ইউরোপীয় দেশের তুলনায় নিজ দেশে করোনাভাইরাসে আক্রান্ত-মৃত্যু কম রাখতে পেরেছিলেন তিনি।

কিন্তু প্রথম দফা করেনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পারলেও এর দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যর্থতার জন্য মের্কেল পরবর্তীতে সমালোচিতও হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading