গেইলের লক্ষ্য আরও দুই বিশ্বকাপ!
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৯:২০
সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৪১ বছর বয়স ক্রিস গেইলের। এখনও দুটি বিশ্বকাপ খেলার কথা জানিয়েছেন তিনি।
২০২১ সালে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে তার নজর রয়েছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও!
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরের প্রশ্ন শুনতেই নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দিয়েছেন এভাবে, ‘ওহ হ্যাঁ, তাতো অবশ্যই, এখন পর্যন্ত আমার অবসরের কোনও পরিকল্পনা নেই। আমি এখনও মনে করি খেলার জন্য আমার কাছে আরও ৫ বছর আছে। তাই এখনই সব কিছু শেষ হয়ে যাওয়ার সুযোগ নেই। আর অবশ্যই আরও দুটি বিশ্বকাপ সামনে রয়েছে।’
সম্প্রতি দুবাইয়ে নতুন আরেকটি ক্রিকেট সংস্করণে খেলেছেন গেইল। যার নাম দেওয়া হয়েছে আলটিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি)। এর এক ফাঁকেই এসব কথা বলেছেন ক্যারিবীয় তারকা। টুর্নামেন্টে তার সঙ্গে যোগ দিয়েছেন যুবরাজ সিং, ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, কেভিন পিটারসেন ও রশিদ খানের মতো তারকারাও।
একজনের এই ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে গেইল খুব রোমাঞ্চিত। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটা পুরোপুরি নতুন। ক্রিকেটে যা নতুন ধারণা যোগ করেছে। এখানে আগে থেকে আপনি কিছু বলতে পারবেন না।’

